ইতিহাসের লিওনেল মেসির জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৬৮ বছর বয়সে মারা গেছেন তার বাবা, রূপকার ও এজেন্ট হোর্হে মেসি। বাবাকে শেষ বিদায় জানাতে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ব্যক্তিগত বিমানে পরিবারসহ জন্মশহর আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তানকে সঙ্গে নিয়ে রোজারিওতে অবতরণ করেন মেসি। বিমানবন্দর থেকে সরাসরি তারা চলে যান শহরটির কাছাকাছি ‘এল প্রাদো’ কবরস্থানে, যেখানে পরিবারের নিকটজনদের উপস্থিতিতে হোর্হে মেসির শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
মেসির শৈশবের পাড়া রোজারিওর ‘লা বাহাদা’ এলাকায় এখন থমথমে আবেগঘন পরিবেশ। নিজ বাড়ির সামনে জড়ো হয়ে ভক্ত-অনুরাগীরা গেটে ও দেওয়ালে জাতীয় পতাকা, ব্যানার এবং ফুল দিয়ে তাদের প্রিয় অধিনায়কের প্রতি সমবেদনা জানাচ্ছেন। মেসির ফুটবলার হয়ে ওঠার পেছনের মূল কাণ্ডারি ছিলেন বাবা হোর্হে মেসি। নিজের কারখানা সামলে ভোরে উঠে ছেলেকে অনুশীলনে নিয়ে যাওয়া থেকে শুরু করে পেশাদার ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। বাড়ির সামনে টাঙানো একটি ব্যানারে লেখা, লিও, আজ তোমার এই কষ্ট দূর করার মতো কোনো ভাষা আমাদের নেই... কেঁদে নাও, পরিবারকে জড়িয়ে ধরো। একদিন যখন আবার ফুটবল মাঠে নামবে, অনুভব করবে তিনি সবসময় তোমার সঙ্গেই আছেন। শান্তিতে ঘুমান, প্রিয় হোর্হে...।’
রোজারিওর স্থানীয় বাসিন্দারা মেসির শৈশবের ক্লাব ‘গ্রান্দোলি’-র সামনেও ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যে মাঠে হোর্হে মেসি প্রথম ছোট লিওকে নিয়ে এসেছিলেন, সেই মাঠের দেয়ালে ভক্তরা লিখেছেন ‘ধন্যবাদ হোর্হে, বিশ্বকে সেরা রত্নটি উপহার দেওয়ার জন্য।’
শনিবার রাতে লিগস কাপে মনতেরের সঙ্গে ম্যাচে মায়ামির অধিনায়কের দায়িত্ব পালন করেন মেসির জাতীয় দল সতীর্থ রদ্রিগো ডি পল। ম্যাচের ৩২তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেওয়ার পরই জার্সি খুলে ফেলেন তিনি। জার্সির নিচে পরা মেসির ১০ নম্বর জার্সি উঁচিয়ে ধরে সতীর্থের প্রতি সমবেদনা জানান ডি পল।
মেসির দীর্ঘদিনের বন্ধু ও ক্লাব সতীর্থ সুয়ারেজ সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমার বন্ধু, তোমাকেও তোমার পুরো পরিবারকে খুব জোরে জড়িয়ে ধরছি। তোমার বাবা সবসময় যেমনটি করতেন, ঠিক তেমনই ওপর থেকেও গর্বের সঙ্গে তোমাকে দেখে যাবেন।’ আরেক বন্ধু আনহেল ডি মারিয়া লিখেছেন, ‘কঠিন এই সময়ে তোমার ও তোমার পরিবারের পাশে আছি ভাই। হোর্হে আঙ্কেল সবসময় আমাদের জন্য প্রেরণা হয়ে
থাকবেন।’ লিয়ান্দ্রো পারেদেস মেসির পাশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘আমরা এই শোক গভীরভাবে অনুভব করছি। মেসি আমাদের কাছে যা, তাতে ওনার প্রয়ানকে আমরা নিজেদের আপনজনের বিয়োগ হিসেবেই দেখছি।’