কোনো দিকে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত। আবার কোনো দিকে গাড়ির যন্ত্রাংশ পড়ে আছে। শুধু তা-ই নয়, বিদ্যুৎ না থাকায় প্রচ- গরমে ডরমিটরির বাইরে বসে নিজেদের জার্সি দিয়েই বাতাস করছিলেন ফুটবলাররা। ২১ দিন ধরে এই স্টেডিয়ামে নেই কোনো বিদ্যুৎ। বাথরুমে নেই পানি। ফুটবলের অন্যতম ভেন্যু রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার দুপুরে হঠাৎ করেই হাজির হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আকস্মিক পরিদর্শনে গিয়ে স্টেডিয়ামের ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলাবালি ও আবর্জনার স্তূপ দেখতে পান তিনি। ফলে দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেন।
একটা সময় বাফুফের এলিট একাডেমি পরিচালিত হতো এই স্টেডিয়ামেই। কিন্তু এখন সেখানে খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশ না থাকায় অসন্তোষ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে খেলা শেষে ফুটবলারদের ড্রেসিংরুমে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা গেছে। প্রতিমন্ত্রী বলেন, ‘স্টেডিয়ামের পরিবেশ দ্রুত স্বাভাবিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ দল দিয়ে বিস্তারিত পরিদর্শন করানো হবে। এরপর দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে।’
কমলাপুর স্টেডিয়ামে থাকা দোকানপাট ও অটোরিকশার গ্যারেজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আমিনুল হক। তার নির্দেশে স্টেডিয়ামের দোকানগুলোর চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এখানে এসব দোকানের ভাড়ার প্রয়োজন নেই; বরং স্থান সংকটে থাকা ফেডারেশন ও বিভিন্ন বিভাগের ক্লাবগুলোকে সেখানে জায়গা দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
এর আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। এবার কমলাপুর স্টেডিয়ামেও একই লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘দেশের স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী ও সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।’
কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল দল ও জুনিয়র পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফলে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য দ্রুত উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।