রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় জুনায়েদ নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ লক্ষ্মীপুরের কমলনগরের চরফলকন পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। মা-বাবার সঙ্গে সে যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকত।
হাসপাতালে জুনায়েদের বাবা জামির হোসেন বলেন, জুনায়েদ বাসার সামনে খেলছিল। হঠাৎ দৌড়ে প্রধান রাস্তায় চলে যায় সে। তখনই ভাঙারি পণ্যবোঝাই ব্যাটারিচালিত একটি ভ্যানের ধাক্কায় সে গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।