বাবা-ছেলেসহ সড়কে ঝরল ছয়জনের প্রাণ

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে দুজনের। এ ছাড়া বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরও একজন। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

বগুড়া : বগুড়া সদর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বিকল হয়ে পড়া ট্রাক মেরামতের সময় পেছন থেকে অন্য একটি চলন্ত ট্রাক ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোরে শহরের চিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপস সরকার (৩৫) ও তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী তীব্র সরকার (১৮) এবং দিনাজপুরের বিরামপুর এলাকার ট্রাকচালক আলমগীর (৪৫)।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। একটি ট্রাকের কেবিন পুরোপুরি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়। বগুড়া সদর থানার এসআই মুঞ্জুর মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও মালামাল সরানোর কাজ শুরু করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হবিগঞ্জ : গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের বেজুড়া এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পশ্চিম মাধবপুরের বাসিন্দা আবুল খায়ের (৪৫) ও রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭)। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, লাশ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

বাগেরহাট : শরণখোলায় বাসের ধাক্কায় আবু হানিফ ব্যাপারী (৬৪) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনযাত্রী। গতকাল সকালে বাগেরহাট-শরণখোলা সড়কের শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত আবু হানিফ ব্যাপারী উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, গতকাল সকালে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবু হানিফ ব্যাপারী নামে এক ভ্যানযাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।