খসড়া প্রকাশ ইসির দেশে মোট ভোটার প্রায় ১৩ কোটি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। সারা দেশে মোট ভোটার এখন প্রায় পৌনে ১৩ কোটি।

গতকাল রবিবার স্থানীয়ভাবে নির্বাচন অফিসগুলো এ খসড়া তালিকা প্রকাশ করেছে। সেখানে ১২ কোটি ৮৬ লাখের বেশি ভোটার জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য খসড়া আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানায় ইসি। দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। নতুন যুক্ত হওয়া ভোটারদের নিয়ে এখন দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

 ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার পর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এখন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা রয়েছে।

এর আগে গত ১৪ মে প্রকাশিত তালিকা অনুযায়ী, তখন ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এরপর স্থানীয় নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন নাম তালিকাভুক্ত করা হয়, যার খসড়া প্রকাশ পেল রবিবার। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।