দুই দশক পর কমেডি সিনেমায় পরিণীতি

২০০৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় বলিউড সিনেমা ‘মালামাল উইকলি’র সিক্যুয়াল নির্মাণের প্রস্তুতি চলছে ২০ বছর পর। আর নতুন কিস্তিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে সিক্যুয়ালে থাকছে বেশ কিছু পরিবর্তন। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পরিচালকের আসনে। প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। নতুন কিস্তির দায়িত্বে থাকছেন না তিনি। সিনেমাটি পরিচালনা করবেন অমিত জোশি। 

‘তেরে বাতোঁ ম্যায় অ্যায়সে উলঝা জিয়া’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া অমিত জোশির জন্য এটি হতে যাচ্ছে একেবারেই ভিন্ন ধরনের কাজ। তার পরিচালনায় ‘মালামাল উইকলি’র নতুন কিস্তিতে পুরোনো হাস্যরসের ধারা কতটা ধরে রাখা সম্ভব হয়, সেটিই এখন দেখার বিষয়। 

নতুন কিস্তির অন্যতম আকর্ষণ পরিণীতি চোপড়ার সংযোজন। রোমান্টিক গল্প থেকে শুরু করে হাস্যরসাত্মক ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। তাই চরিত্রনির্ভর কমেডি সিনেমাটিতে তাকে কী ধরনের ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। 

তবে পরিণীতির চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মূল গল্পের কোন পর্যায়ে তার চরিত্র যুক্ত হবে কিংবা গল্পে তার গুরুত্ব কতটা, সেটিও গোপন রাখা হয়েছে। ফলে নতুন কিস্তিতে তার উপস্থিতি কী ধরনের চমক তৈরি করবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে। 

প্রায় ২০ বছর পর ‘মালামাল উইকলি’র সিক্যুয়াল তৈরির খবরে পুরোনো দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই ফিরে এসেছে নস্টালজিয়া। একই সঙ্গে নতুন প্রজন্মের দর্শকদের কাছে সিনেমাটিকে কীভাবে উপস্থাপন করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।