আল্লুর সেটে যা করছেন অন্তঃসত্ত্বা দীপিকা

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসেও ঘরে বসে বিশ্রাম নেওয়ার পাত্রী তিনি নন। বর্তমানে আল্লু অর্জুনের বিপরীতে অ্যাট্লির বিগ বাজেট সাইন্স-ফিকশন ও ফ্যান্টাসি ড্রামা ‘রাকা’র শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। 

ফিল্মফেয়ারের একটি নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গেছে, অত্যন্ত কড়া শিডিউল এবং মারকাটার অ্যাকশন সিকোয়েন্স থাকা সত্ত্বেও দীপিকা হাসিমুখে সেটে সময় দিচ্ছেন। এমনকি প্রয়োজনে গভীর রাত পর্যন্ত শুটিং করতেও পিছপা হচ্ছেন না তিনি। তাঁর এই অসম্ভব আত্মত্যাগ ও পেশাদারিত্ব দেখে রীতিমতো মুগ্ধ ছবির পুরো কলাকুশলী ও টিম। সেপ্টেম্বরেই তাঁর নতুন অতিথির আসার কথা রয়েছে, তার আগেই নিজের অংশের সমস্ত শুটিং সম্পূর্ণ করে ফেলতে মরিয়া এই অভিনেত্রী। 

চলতি বছরের শুরুতে, যখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখনও প্রতিদিন একটানা শুটিং করে গেছেন দীপিকা। তাঁর এই অদম্য জেদ প্রমাণ করে কেন তিনি আজ ভারতীয় সিনেমার শীর্ষস্থানীয় নায়িকা। অ্যাটলির নির্দেশনায় তৈরি 'রাকা' ছবিটিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মেগা প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে, যেখানে দীপিকা ও আল্লু অর্জুনের পাশাপাশি রাশমিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুনাল ঠাকুরের মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত