ফ্রান্সে দাবানলের ঘটনায় চার শতাধিক গ্রেপ্তার

একদিকে তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ হয়ে উঠেছে ফ্রান্সের দাবানল, অন্যদিকে আগুনের সূত্রপাতের জন্য দায়ীদের খুঁজতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির কর্র্তৃপক্ষ। চলতি গ্রীষ্মে দাবানলে ৩ লাখ একরের বেশি এলাকা পুড়ে যাওয়ার পর এখন পর্যন্ত চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলতি বছর ফ্রান্সে দাবানলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে কিংবা দুর্ঘটনাবশত আগুন লাগানোর অভিযোগে এখন পর্যন্ত ৪২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬৬ জন অপ্রাপ্তবয়স্ক।

ফ্রান্সের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির প্রতি ১০টি দাবানলের মধ্যে প্রায় ৯টির সূত্রপাত মানুষের কারণে। এই তথ্যের ভিত্তিতে আগুনের জন্য দায়ীদের শনাক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে প্যারিস সরকার। তবে একই সময়ে এত বড় মাত্রার দাবানল মোকাবিলায় সরকার যথেষ্ট প্রস্তুত ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি ঘটনায় দেখা যায়, ২৩ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে গত মাসে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভার এলাকায় ৫ দিনের মধ্যে ১০ বার ইচ্ছাকৃত আগুন লাগানোর অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছরের জেল এবং দেড় লাখ ইউরো (১ লাখ ২৮ হাজার পাউন্ড) জরিমানা হতে পারে।