বাংলা কিউআর আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে ফি লাগবে না

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক সব লেনদেনে আন্তঃপ্রতিষ্ঠান পুনঃপরিশোধ ফি (আইআরএফ) শূন্য করা হয়েছে। ফলে মার্চেন্ট ছাড়ের হার (এমডিআর) কমানোর সুযোগ তৈরি হবে এবং ব্যবসায়ীদের লেনদেনের খরচও কমতে পারে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের জারি করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে আগের নির্দেশনা সংশোধন করে আইআরএফ শূন্য করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ২৪ লাখ ব্যবসায়ী বাংলা কিউআরের আওতায় রয়েছেন। তবে ব্যবসায়ীর সংখ্যা বাড়লেও লেনদেন আশানুরূপ বাড়েনি। বর্তমানে বাংলা কিউআর লেনদেনে প্রায় ১ থেকে ১ দশমিক ১৫ শতাংশ পর্যন্ত এমডিআর নেওয়া হয়। আইআরএফ শূন্য হওয়ায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং এমডিআর কমার সুযোগ তৈরি হবে।

এদিকে বাংলা কিউআর ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এ তহবিলের অর্থ দেওয়া হবে। ব্যক্তিগত খুচরা হিসাবের আওতাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি এনপিএসবি লেনদেনে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ১০ শতাংশ এবং অর্থ প্রদানকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

কৃত্রিমভাবে লেনদেন ভাগ করে বা অন্য কোনো উপায়ে লেনদেন বাড়িয়ে প্রণোদনা নেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, আইআরএফ শূন্য ও প্রণোদনার ফলে ডিজিটাল লেনদেনের খরচ কমার পাশাপাশি নগদনির্ভরতা কমবে।