প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে জনতা ব্যাংকের চুক্তি

বিদেশে থাকা এবং বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের ব্যাংকিং সেবার আওতায় আনতে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। এর মাধ্যমে প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ ও নিরাপদ করার পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার পথও সহজ হবে। চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী কার্ডের উদ্বোধন করবেন।

এ লক্ষ্যে গতকাল সোমবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।’ দেশের অর্থনীতি সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসীদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের জীবনের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে লেনদেন প্রক্রিয়া সহজ করতেই ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধাও সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের জন্য যুগোপযোগী সেবা নিশ্চিত করা প্রয়োজন।