রাজধানীর ধানমন্ডিতে প্রবল বৃষ্টি ও বাতাসের মধ্যে ফুটপাতের একটি বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে ৩টি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। তবে ঘটনার সময় গাড়িগুলোর ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে সড়কে যান চলাচলে ধীরগতি রয়েছে। হঠাৎ ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ এলাকায় চার রাস্তার মোড়ে ফুটপাতের ওপরে থাকা একটি বিশাল আকৃতির গাছ উপড়ে সড়কে আঁছড়ে পড়ে। ওই সময় সড়কটিতে চলাচল করা তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) শুভ্র দেব জানান, বৃষ্টির কারণে হঠাৎ গাছটি উপড়ে গাড়ির ওপর পড়ে। গাড়িগুলো দুমড়ে-মুচড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। এই মুহূর্তে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।