রাজধানীর ধানমন্ডির একটি শপিং মলে গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডির ৬/এ এলাকায় পূরবী জুয়েলার্সে ওই চুরির ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের মালিকের অভিযোগ, দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০-১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ থাকার সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে।
সঞ্জীব বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।
জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র্যাংকস প্লাজা নামে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বেলা ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে আলামত সংগ্রহ করছে।
ধানমন্ডি থানার একজন কর্মকর্তা বলেন, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে তারা সন্দেহ করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে ।