শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও নির্বিচারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মান্নান সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভয়াবহ এই বোমা হামলায় একজনের হাত উড়ে যাওয়ার পাশাপাশি আরও ১০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায়। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রেজাউল শিকদার এবং তমিজ খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় লাউখোলা এলাকায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
সংঘর্ষের সময় রেজাউল শিকদার গ্রুপের সমর্থক মান্নান সরদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তমিজ খাঁ গ্রুপের সমর্থক রিপন মোল্লার হাতবোমার আঘাতে একটি হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়; তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করা হয় এবং অন্যজনকে পরীক্ষানিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, জাজিরায় দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহতের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।