খুলনার খানজাহান আলী থানার পৃথক স্থানে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনাট পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোন হাতহাতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বশার জানান, গভীর রাতে মোটরসাইকেলে আসা দুই যুবক ১৫ মিনিটের ব্যবধানে তিনটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আমরা খবর পেয়ে প্রতিটি প্রতিষ্ঠানে যোগাযোগ করেছি। কে বা কারা এই সব ঘটনার সঙ্গে জড়িত তা আমরা জানতে পারিনি। পুলিশ তদন্তে নেমেছে এবং মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে শিরোমনি বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের আটরা-গিলাতলা ও ফুলতলা উপজেলা শাখার জানালায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জানালা ভেঙে বোমাটি ভেতরে পড়ে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরী ও পুলিশ দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
প্রথম ঘটনার ১০ মিনিট পর শিরোমনি বাজার সংলগ্ন বিআরটিসি বাস ডিপো লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমাটি ডিপোর বাইরে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর ঠিক ৫ মিনিট পর শিরোমনি ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা প্ল্যান্টের বাইরের দেয়ালে লেগে পাশের ড্রেনের পানিতে পড়ে নিভে যায় এবং অপরটি দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে প্রতিষ্ঠানের কোন ক্ষয়ক্ষতি হয়নি।