কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ১৬টি মামলার পলাতক আসামি আব্দুল খালেক নাহিদ ওরফে খালেক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল খালেক নাহিদ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় জনতা শীর্ষ ডাকাত খালেককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান চলাকালে খালেকের ৪-৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করে আরও ৪টি আগ্নেয়াস্ত্র ও ৭৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্র ও অপহরণসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই ঘটনায় খালেক ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।