জিরা পানি পানে মিলবে কিছু উপকার

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম

জিরা রান্নার মসলা হিসেবেই ব্যবহার হয়ে আসছে। তবে বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষেরা এই মসলা দিয়ে বিভিন্ন ধরনের ডিটক্স ড্রিংক তৈরি করে পান করছে। এতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ যৌগের কারণে জিরা স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে।

জিরা ভিজিয়ে তৈরি পানি নিয়মিত পানেও কিছু সম্ভাব্য উপকার আছে। তবে এটি কোনো রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়।

যেভাবে তৈরি করা হয় জিরা পানি
রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা ভিজিয়ে রাখতে হবে। সকালে ছেঁকে সেই পানি পান করা যায়। জিরা হালকা ভেজে পানিতে ফুটিয়েও খেতে পারেন।

তবে জিরা পানি খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ‘সেরা সময়’ নেই। সকালে খালি পেটে খেতেই হবে, এমনও নয়। শরীরে পানি সরবরাহের জন্য দিনের যে কোনো সময় এটি পান করা যেতে পারে।

জিরা পানি পানে সম্ভাব্য উপকার

১. জিরায় থাকা কিছু যৌগ হজমপ্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। ফলে খাবার হজমে সহায়তা এবং পেট ফাঁপা বা অস্বস্তি কমাতে এটি কিছু মানুষের জন্য উপকারী হতে পারে।

২. জিরায় বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে। এগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

৩. জিরা পানি পানে শরীরের চর্বি গলে যায় বা দ্রুত ওজন কমে এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে চিনি বা অতিরিক্ত ক্যালরিযুক্ত পানীয়ের বদলে জিরা পানি পান করলে মোট ক্যালরি গ্রহণ কমাতে সহায়তা করতে পারে।

৪. কিছু গবেষণায় জিরার সম্ভাব্য রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য শুধু জিরা পানি যথেষ্ট নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, খাবার ও জীবনযাপন মেনে চলা জরুরি।

৫. জিরার বীজে আয়রণ রয়েছে। আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শুধু জিরা পানি পান করে রক্তস্বল্পতা দূর করা সম্ভব নয়। রক্তস্বল্পতা থাকলে কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত।

৬. জিরার বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ রক্তের কিছু উপাদান ও বিপাকীয় স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। তবে হৃদ্‌রোগ প্রতিরোধে জিরা পানিকে কোনো চিকিৎসা হিসেবে বিবেচনা করা যাবে না।

৭. জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখতে পারে। এর ফলে সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে ত্বকের স্বাস্থ্যে পরোক্ষভাবে উপকার মিলতে পারে। তবে জিরা পানি খেলেই ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যা দূর হবে, এমন নিশ্চিত প্রমাণ নেই।

৮. জিরার কিছু উপাদান হজম ও পেশির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তবে অনিয়মিত মাসিক ঠিক করা বা মাসিকের ব্যথা নিরাময়ের জন্য জিরা পানির কার্যকারিতা নিয়ে পর্যাপ্ত শক্ত প্রমাণ নেই। নিয়মিত মাসিকের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

‘ডিটক্স’ নিয়ে কতটা সত্য?
জিরা পানিকে প্রায়ই ‘ডিটক্স ড্রিংক’ বলা হয়। কিন্তু শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার জন্য আলাদা কোনো পানীয় প্রয়োজন হয় না। আমাদের লিভার ও কিডনি স্বাভাবিকভাবেই শরীরের বর্জ্য ও বিভিন্ন পদার্থ প্রক্রিয়াজাত ও অপসারণ করে।

তাই জিরা পানি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, কিন্তু এটিকে শরীর পরিষ্কার করার জাদুকরী পানীয় হিসেবে দেখার সুযোগ নেই।

কখন ও কতটা খাবেন?
জিরা পানি খাওয়ার নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সময় নেই। সকালে খেতে ভালো লাগলে খেতে পারেন। আবার দিনের অন্য সময়ও পান করা যায়।

তবে অতিরিক্ত জিরা খাওয়া বা ঘন করে জিরা পানি পান করা প্রয়োজন নেই। কারও ক্ষেত্রে এটি পেটের অস্বস্তি, অম্বল বা অন্য ধরনের সমস্যা তৈরি করতে পারে।

গর্ভবতীদের ব্যপারে সতর্কবার্তা
গর্ভবতী বা স্তন্যদানকারী নারী, নিয়মিত ওষুধ সেবনকারী ব্যক্তি, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত জিরা পানি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। বিশেষ করে কোনো রোগের চিকিৎসা হিসেবে জিরা পানির ওপর নির্ভর করা উচিত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত