এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামের এক শিক্ষার্থী এসএসসিতে চার বিষয়ে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

‎নিহত শিক্ষার্থী অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। চার বিষয়ে অন্তি অকৃতকার্য হন। অকৃতকার্যের বিষয়টি জানতে পেরে দুপুর থেকেই অন্তির মন খারাপ ছিল। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বসতঘরের বারান্দায় অচেতন অবস্থায় ঝুঁলে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষায় চার বিষয়ে ফেল করায় লজ্জায় ও হতাশায় আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

‎নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিক ভাবে অন্তির মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল ফল প্রকাশিত হয়। চার বিষয়ে অকৃতকার্য হন অন্তি। ফল প্রকাশের পর থেকেই অন্তির মন খারাপ ছিল। সেই লজ্জা বা হতাশায় আত্মহত্যা করতে পারে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।