শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্রসহ ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র পুড়ে ছাই হয়েছে। ইতোমধ্যেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অফিসটি ঘিরে রেখেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের জানালার কাঁচ ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।