কবিতা

সুলতা

টগরফুল মিথ্যে নয়। প্রান্তরে সুলতার একশ শালফুল।
ভেবেছিল সে হেঁটে আসবে, গাঁয়ের নাম ধরে ডাকবে। 
সুলতার ঠোঁটের দুপাশে বহমান চিরতার স্বাদ।

টগরফুল মিথ্যে নয়, সত্য হলে তার গাঁয়ের দিকে যাও।
বুকের দুপাশে ঝঞ্ঝা বয়ে যায়। মৌসুমে কোকিল উড়ে যায়।
ছায়ার পাশে দাঁড়ালে ছায়া সরে যায়। বুকের বৃন্তময় উড্ডীন 
নিদানের ধানফুল। নদীর ভেতরে হিসহিস সাপ বয়ে যায়।

মধুতে মাখা আছে আফিম। সুলতার বাগান চিরহরিৎ।
তবে জীবনের জয়গান হোক। মধুতে মাখামাখি হোক।
বর্ষা এলে নদী কাছে আসে, নাম ধরে ডাকে। কম্পনে
জাগে কদমের পাতা—খরস্রোতা মখদুম দরগার ধারে।

তুমি কি কোকিলের মিথ্যে স্বর? ঘাসের সুদূর?
ডানা নেই, দিক নেই, সুলতার ভুলে ভরা ফিনিক্স?