গাইবান্ধার সাদুল্লাপুরে সেচপাম্প চালু করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রমিক আবুল কালাম ওই গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমিতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করে।
এসময় মোটরে পানি না উঠায় মোটরের সঙ্গে থাকা টিউবয়েল চেপে মোটরে পানি তোলার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে পাশ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।