ইউএনও কার্যালয়ের জানালা ভাঙচুর, ছাত্রদলের মিছিল

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের জানালা ও কয়েকটি চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় ইউএনও কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং নিয়োগ বঞ্চিতরা। তারা ফ্যামিলি কার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবি জানিয়ে নানা স্লোগান দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এমনকি তালিকায় ফ্যাসিস্টের নেতাকর্মীদের নামও রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে উপজেলা প্রশাসন। তালিকা প্রকাশের বিষয়টি জানাজানি হলে বেলা একটার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং নিয়োগ বঞ্চিতরা বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিলটি। পরে সেখান থেকে মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখানে বিক্ষোভ করে তারা।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় অফিস যান। সেখানে ইউএনও কক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে বেলা দুইটার দিকে পরিস্থিতি শান্ত করেন।

এসব বিষয়ে মঙ্গলবার দুপুরে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া মুঠোফোনে জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তালিকায় ফ্যাসিস্টের নেতাকর্মীদের নামও রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে দলীয় নেতাকর্মী ও নিয়োগ বঞ্চিতরা প্রতিবাদ জানায় এবং বিক্ষোভ করে। তিনি অবিলম্বে এই তালিকা বাতিলের দাবি জানান।

এসব বিষয় জানতে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত