কুমিল্লায় এসএসসিতে সেরাদের লড়াইয়ে শীর্ষে দেবিদ্বারের জাকিয়া

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে অসাধারণ সাফল্য অর্জন করেছে তিন শিক্ষার্থী। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২১৭ নম্বর পেয়ে বোর্ডের ফলাফলে তাক লাগিয়ে দিয়েছে দেবিদ্বার উপজেলার মফিজ উদ্দিন আহমেদ গার্লস হাইস্কুলের শিক্ষার্থী জাকিয়া সুলতানা।

বোর্ডে সেরা ফলাফলের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিসা তাবাসসুম ও কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী মো. জাহিদ হাসান জিসান। আনিসা ১ হাজার ২১৫ এবং জিসান ১ হাজার ২১৪ নম্বর পেয়েছে।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনেও দুই শিক্ষার্থী চমৎকার ফল করেছে। কুমিল্লার আলী মাদরাসা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসফিয়া ইসলাম হুমাইরা ১ হাজার ৪০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৩৭ নম্বর পেয়েছে। একই বোর্ডের অধীনে কুমিল্লার জামেয়া আকবরীয়া সুন্নীয়া মাদরাসার শিক্ষার্থী ফারিহা আক্তার ১ হাজার ৪০০ নম্বরের মধ্যে পেয়েছে ১ হাজার ২২৭ নম্বর।

শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বসিত তাদের শিক্ষক ও অভিভাবকেরা। শিক্ষকরা জানান, নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের নিরবচ্ছিন্ন সহযোগিতার ফলেই শিক্ষার্থীরা এমন ফল অর্জন করতে পেরেছে। তারা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকেরা।

ভবিষ্যৎ স্বপ্নের কথা জানাতে গিয়ে আনিসা তাবাসসুম বলে, ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়। ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষাতেও ভালো করার প্রত্যয় তার। অন্যদিকে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী মো. জাহিদ হাসান জিসানের স্বপ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চশিক্ষা নিয়ে একজন দক্ষ প্রকৌশলী হওয়া। জিসানের এই কৃতিত্বে পরিবার ও বিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের বন্যা।

সোমবার সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা বোর্ডের অধীনে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন ছাত্র এবং ৫ হাজার ৮৪৮ জন ছাত্রী।

ফলাফল প্রকাশের পর সোমবার সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে আসে আনন্দের ঢল। ঢোল-বাদ্য বাজিয়ে, নেচে-গেয়ে এবং মিষ্টিমুখ করে সাফল্যের আনন্দ উদযাপন করে শিক্ষার্থীরা। কৃতী শিক্ষার্থীদের এমন উল্লাসে শরিক হন শিক্ষক ও অভিভাবকরা।