এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর বড় ধরনের পরিসংখ্যানগত অসংগতি ধরা পড়েছে। প্রথম প্রকাশিত হিসাবে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তনের কথা জানানো হলেও সংশোধিত হিসাবে এ সংখ্যা ২৩ হাজার ১৪৫। দুই হিসাবের ব্যবধান ১০ হাজার ২০৪ জন। এমন গরমিলের পর নতুন করে তথ্য যাচাইয়ে নেমেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরিসংখ্যানের সারসংক্ষেপ দেওয়া হয়। তবে সন্ধ্যার দিকে মন্ত্রণালয়ের গ্রুপ থেকে সেই সারসংক্ষেপ সরিয়ে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন বোর্ডের ফল পরিবর্তনের সংখ্যা যাচাই করতে গিয়ে অসংগতি ধরা পড়ে। কয়েকটি বোর্ডের হিসাবে বড় ধরনের পার্থক্য থাকায় সব বোর্ডের তথ্য নতুন করে সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হবে।
দুই হিসাবে ১০ হাজার ২০৪ জনের পার্থক্য : প্রথম প্রকাশিত হিসাব অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছিল। সে হিসাবে ফল পরিবর্তনের হার ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।
অন্যদিকে সংশোধিত হিসাবে একই সংখ্যক আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। এ হার ৭ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ সংশোধিত হিসাবে ফল পরিবর্তনের হার আগের তুলনায় ৩ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট কমেছে।
ময়মনসিংহ ও বরিশালে বড় অসংগতি : বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পার্থক্য দেখা গেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। প্রথম প্রকাশিত হিসাবে এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছিল। সংশোধিত হিসাবে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৮। দুই হিসাবের ব্যবধান ৫ হাজার ৬৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডের হিসাবেও বড় পার্থক্য রয়েছে। প্রথম হিসাবে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হলেও সংশোধিত হিসাবে তা ৫২০ জন। পার্থক্য ২ হাজার ২৫২ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে প্রথমে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছিল। সংশোধিত হিসাবে তা কমে হয়েছে ২ হাজার ৩০৭ জন। এ ছাড়া কুমিল্লায় ৩ হাজার ৬৫ থেকে ২ হাজার ৮১৩, যশোরে ১ হাজার ৯০৯ থেকে ১ হাজার ৭৩৬, দিনাজপুরে ২ হাজার ২৪৮ থেকে ২ হাজার ৩৫ এবং সিলেটে ১ হাজার ৩৫৩ থেকে ১ হাজার ২৬৭ জনে নেমেছে ফল পরিবর্তনের সংখ্যা।
রাজশাহী বোর্ডে প্রথম হিসাবের ৭৭৯ জনের বিপরীতে সংশোধিত হিসাবে ফল পরিবর্তন হয়েছে ৭৭৫ জনের। তবে ঢাকা, চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাবে কোনো পরিবর্তন হয়নি।
ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮ জন: সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণে মোট ২৫ হাজার ৮১০টি গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন। এরমধ্যে ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন ২০ জন।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরপর কুমিল্লায় ২ হাজার ৮১৩, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮, কারিগরিতে ২ হাজার ৩০৭, চট্টগ্রামে ২ হাজার ৪৩ এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জনের ফল পরিবর্তনের তথ্য রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ও আন্তশিক্ষাবোর্ডের সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, এবারই প্রথম এইচএসসিতে পুনর্মূল্যায়ন করা হয়েছে। এজন্য আমাদের সফটওয়্যার ডেভেলপ করা নেই, ম্যানুয়ালি করা হয়েছে। ফলে বিভিন্ন বোর্ড ভুল তথ্য পাঠিয়েছে। ফলাফলের অসঙ্গতি বুঝতে পেরে আমরা সাথে সাথে সংশোধন করে নিয়েছি।