বাংলাদেশে সম্ভাব্য সফরের সময়েই ভারত-আফগান সিরিজ!

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রস্তাবিত বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। নির্ধারিত সময়েই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জোড়া সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় সেপ্টেম্বর মাসে রোহিত-সংগ্রামীদের বাংলাদেশে আসার সম্ভাবনা একপ্রকার শেষ বললেই চলে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ও ভারতের মধ্যকার এই টি-টোয়েন্টি সিরিজটি আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজটির স্বাগতিক আফগানিস্তান হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই।
 
বাণিজ্যিক অংশীদারদের পাঠানো এক চিঠিতে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সাথে আলোচনার মাধ্যমেই নতুন এই সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে, "বিসিসিআইয়ের সাথে পারস্পরিক সম্মতিতেই ২০২৬ সালের ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভারত সফরের তারিখ ও ভেন্যু নির্ধারিত হয়েছে। ব্রডকাস্টার এবং মিডিয়া পার্টনাররা এই সূচি অনুযায়ী আগাম পরিকল্পনা ও প্রচারের কাজ শুরু করতে পারেন।"

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২৮ আগস্ট ভারতীয় দলকে ঢাকায় প্রত্যাশা করছিল। ১ থেকে ১৩ সেপ্টেম্বরের নির্ধারিত উইন্ডোতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব ছিল বিসিবি থেকে। তবে আফগানিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। ফলে দুই দেশের প্রস্তাবিত সূচিতে সরাসরি বড় ধরনের সংঘাত তৈরি হয়েছে।
 
প্রস্তাবিত সময়সীমার তিন সপ্তাহেরও কম বাকি থাকলেও এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো চূড়ান্ত নির্দেশনা আসেনি। তবে এসিবির আনুষ্ঠানিক এই পদক্ষেপের পর বিসিবি ও বিসিসিআইয়ের দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হওয়ার পথ এক প্রকার বন্ধ হয়ে গেলো।