আগামী রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের রাজশাহী মহানগরের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে দলের প্রার্থী করা হয়েছে। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন।
রাজশাহী মহানগর জামায়াতের সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ।
পেশায় চিকিৎসক ডা. জাহাঙ্গীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ধানের দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৩৭০ ভোট।
এই আসনে জামায়াতের সর্বোচ্চ ভোট প্রাপ্তি এটিই। এবার তাকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলো।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সাংগঠনিক পথচলা, চিকিৎসাসেবায় ভূমিকা এবং দলীয় নেতৃত্বের অভিজ্ঞতার কারণে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে এবার রাজশাহী নগরীর মেয়র পদে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।