উজিরপুরে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম

ক্লাস চলছিল, শিক্ষক পড়াচ্ছিলেন শিক্ষার্থীদের। হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে সরাসরি শিক্ষকের মাথায় পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রেণিকক্ষে।

প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে ক্লাস থেকে বেরিয়ে যায় শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) বরিশালের উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা।

বিদ্যালয়ের দ্বিতল ভবনের ষষ্ঠ শ্রেণির কক্ষে পাঠদান করছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে যায়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় তারা।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথী বলেন, স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়ে। আমরা সবাই ভয় পেয়ে যাই।

আরেক শিক্ষার্থী সিমা বলেন, পলেস্তারা পড়ার সময় আমরা ক্লাসে ছিলাম। স্যার আহত হয়েছেন। আমাদেরও খুব ভয় লেগেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ভবনটি ১৯৬০ সালে নির্মিত। এটি অনেক পুরোনো ভবন। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

জানা গেছে, দীর্ঘদিন আগে নির্মিত বিদ্যালয়ের দ্বিতল ভবনটি বর্তমানে পুরোনো হয়ে গেছে। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে।অভিভাবকরা বলেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। শিক্ষক আহত হওয়ার ঘটনা বড় ধরনের সতর্কবার্তা। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত বিদ্যালয় ভবনটি পরিদর্শন করে এর ঝুঁকি নিরূপণ করা প্রয়োজন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবনে শ্রেণি কার্যক্রম পরিচালনা বন্ধ করে দ্রুত নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হোক।

এদিকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

 



×
সর্বশেষ সর্বাধিক পঠিত