সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভূমদক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও চালকসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন বাসটিতে হামলা চালায় বলে জানা গেছে। হামলায় বাসটির ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় বাসের চালক ও ভেতরে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে সিংগাইর থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার ঘটনায় কাওসার নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি বাসস্ট্যান্ডের পাশের এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, ড্রাইভারসহ অনেকেই আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটেছে। আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, “ভূমদক্ষিণ বাজারে আমাদের একটি গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছে। আমাদের যে গাড়িতে হামলা হয়েছে, সেটির নাম ‘কালীগঙ্গা’। এটি মানিকগঞ্জে যায়। সেখানে প্রায় ১০ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে দুজনের খুবই মারাত্মক ইনজুরি হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি।”

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটে। তবে জবির বাসটি এর সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত হয়েছি। স্থানীয়রা এ ঘটনায় বাসটিকে টার্গেট করে হামলা চালিয়েছে। তারা হয়তো মনে করেছে, এ ঘটনায় বাসটি জড়িত।”

তিনি আরও বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা মামলা করলে তা নেওয়া হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত