শসার খাবার

ভ্যাপসা গরমে স্বস্তি পেতে খেতে পারেন শসার খাবার। রেসিপি দিয়েছেন দিলরুবা বেগম ফ্যান্সি

শসা মুগ

উপকরণ : শসা ৫০০ গ্রাম, মুগের ডাল ২০০ গ্রাম, লবণ ১ চা চামচ, কাঁচা মরিচ ৫টা,  তেজপাতা ২টা, পাঁচফোড়ন আধা চা চামচ, তেল ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, নারকেল কোরা ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন : ডাল ভেজে ধুয়ে সেদ্ধ করে নিন। শসার খোসা ফেলে ছোট ছোট টুকরো করে ডালের সঙ্গে সেদ্ধ করুন। সেদ্ধ করার সময় লবণ, মরিচ, হলুদ গুঁড়া দিয়ে দিন।

সেদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল করে ১ টেবিল চামচ ঘি দিয়ে পাঁচফোড়ন ও তেজপাতা দিন। এরপর আদা বাটা, নারকেল কোরা দিয়ে ভালো করে ভেজে সেদ্ধ করে রাখা ডালের মধ্যে ঢেলে দিন।

নামানোর আগে ধনেপাতা ও বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিন।

শসা মুরগির ঝোল

উপকরণ : শশা ১ কেজি, মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৪টা, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, এলাচ ২টা, দারুচিনি ২ টুকরো, তেজপাতা ৩টা, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন : শসা লম্বা স্ল্যাইস করে ভাপ দিয়ে নিন।

মুরগি ছোট টুকরো করে তেলে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভাজুন। এবার তেলের মধ্যে এলাচ, দারুচিনি দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ দিয়ে আরও একটু ভাজার পর গরম মসলার গুঁড়া বাদে বাকি সব মসলা ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।

মসলা কষানো হলে মুরগির মাংস দিয়ে  আরও ৫ মিনিট কষিয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে শসা দিয়ে নেড়ে আরও ১ কাপ পানি দিন। পানি শুকিয়ে এলে পছন্দমতো ঝোল দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

কন্টিনেন্টাল সালাদ

উপকরণ : সেদ্ধ আলু ২টা, শসা ২৫০ গ্রাম, সেদ্ধ ডিমের সাদা অংশ ২টা, আপেল ১টা, মেয়োনিজ ৪ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, গাজর ১টা, লেবুর রস ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন : আলু, শসা, আপেল, ডিম লম্বা করে সøাইস করে নিন। এবার সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।