খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় মুয়াজ্জিন নিহত 

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুম বিল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লালবাগ শাহি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করেন। 

মাসুম বিল্লাহর ভাই মো. বকুল জানান, তার ভাই থাকতেন লালবাগে। তিনি ছিলেন লালবাগ শাহি মসজিদের মুয়াজ্জিন। কোনো কাজে মঙ্গলবার খিলগাঁও বা আশপাশের কোনো এলাকায় গিয়েছিলেন। রাতে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা খবর পান এবং হাসপাতালে গিয়ে মাসুমের মরদেহ দেখতে পান।

তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। বাবার নাম আব্দুল মান্নান।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রনজিত জানান, কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।