সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা কামরুল হাসানকে (৩২) আটক করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুই শিশু হলো—৬ বছর বয়সী মো. মুহাদ্দিস ও সাড়ে ৩ বছর বয়সী কন্যাশিশু তুলনা। অভিযুক্ত কামরুল হাসান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকালে কামরুল হাসান সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেখানে শনিবার ও রবিবার অবস্থান শেষে বাড়িতে ফেরেন তিনি। এরপরই তার দুই সন্তান নিখোঁজ হয়।
পরে ছাতক উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কামরুল হাসান নিজের দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানা পুলিশ জানায়, কামরুল হাসানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কী কারণে তিনি নিজের দুই সন্তানকে হত্যা করেছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে দুই সন্তানকে হারিয়ে ঘাতক কামরুলের স্ত্রী ফুলজান নেছা (২৫) ও মা আফরোজা বেগমসহ পরিবারের স্বজনরা চরম শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ছায়া।