মাঠে অসাধারণ গোল কিংবা শিরোপা জয় দিয়ে নয়, এবার নিজের মানবিক অনুভূতির গভীর প্রকাশ ঘটিয়ে পুরো বিশ্বকে আবেগাপ্লুত করলেন লিওনেল মেসি। দীর্ঘ অসুস্থতার পর গত শনিবার প্রয়াত হন তাঁর বাবা হোর্হে মেসি। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক হৃদয়স্পর্শী চিঠিতে বাবার প্রতি শ্রদ্ধা জানান আর্জেন্টাইন মহাতারকা।
মেসির এই আবেগঘন বার্তা ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাচ্ছেন বিশ্বজুড়ে ক্রীড়া, বিনোদন ও রাজনৈতিক জগতের তারকারা। অসংখ্য বার্তার মাঝে আলাদাভাবে নজর কেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর মন্তব্য। চিরপ্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে পোর্তুগিজ তারকা সমবেদনা জানিয়ে লিখেছেন, "এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য এক বিশাল আলিঙ্গন, লিও। শক্ত থাকো।"
ইন্টার মিয়ামির সহ-মালিক ও সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম লিখেছেন, "আমরা সব সময় তোমার পাশে আছি।"
এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউডিও 'চিকি' তাপিয়া লিখেছেন, "তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। সব সময়, কিন্তু সব সময়ই তোমার পাশে আছি।"
বার্সেলোনার হয়ে খেলা স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস এই পোস্টে লাইক দিয়ে সহমর্মিতা জানান। অন্যদিকে মেসির সাবেক ক্লাব বার্সেলোনা কাতালান ভাষায় মন্তব্য করে, "অনেক শক্তি অর্জন করো, লিও ।"
সারা বিশ্বজুড়ে প্রধান প্রধান ক্রীড়া সংবাদমাধ্যমগুলো মেসির এই খোলা চিঠির অংশবিশেষ এবং তাঁর সম্ভাব্য অবসরের ইঙ্গিত নিয়ে সংবাদ প্রকাশ করেছে। কোটি কোটি ভক্ত-সমর্থকের পাশাপাশি পুরো ফুটবল বিশ্ব এই মুহূর্তে আর্জেন্টাইন অধিনায়কের এই শোকের সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে।