ইউটিউবের কঠিন শর্ত বাড়ছে ওয়াচটাইম

ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয় করার প্রবণতা দিন দিন বাড়ছে। শখের পাশাপাশি অনেকেই এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে নতুন নির্মাতাদের জন্য আয়ের পথ কিছুটা কঠিন করতে যাচ্ছে ইউটিউব। নতুন নিয়মে পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে আয় করতে আগের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম বা ভিডিও দেখার সময় অর্জন করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে আয় করতে হলে গত ১২ মাসে একটি চ্যানেলের কমপক্ষে ৮ হাজার ঘণ্টা মানসম্পন্ন ওয়াচ আওয়ার থাকতে হবে। পাশাপাশি চ্যানেলে অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। অন্যদিকে শর্টস ভিডিও থেকে আয় করতে চাইলে গত ৯০ দিনে অন্তত ২ কোটি মানসম্পন্ন ভিউ অর্জন করতে হবে। বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন। অর্থাৎ নতুন নিয়মে ওয়াচটাইম ও শর্টস ভিউÑ দুই ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে।

ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মে ভিডিও দেখার পরিমাণ দ্রুত বাড়ছে। প্রতিদিন বিপুলসংখ্যক শর্টস ভিডিও দেখা হচ্ছে। নতুন নিয়ম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে ইতিমধ্যে পার্টনার প্রোগ্রামে থাকা নির্মাতাদের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না।