বর্ষায় যে সবজি স্বাস্থ্যের জন্য ভালো

বর্ষাকালেই সবচেয়ে ভুগতে হয় পেট খারাপে। যাদের ঠা-া লাগার ধাত, তারাও এই মৌসুমে সর্দি-কাশিতে নাজেহাল হয়ে যান। আসলে এই মৌসুমে জীবাণুর সংক্রমণ বাড়ে। ইমিউনিটি যদি কম হয়, তখন শরীরে জাঁকিয়ে বসে নানা রোগ। এই মৌসুমে সংক্রমণের ভয়ে যেমন শাকপাতা এড়িয়ে চলা উচিত, তেমনই কিছু সবজি ডায়েটে রাখা দরকার। বিশেষত যেসব সবজি বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোজের খাদ্য তালিকায় এসব সবজি রাখলে একাধিক রোগের হাত থেকে সুরক্ষিত থাকবেন।

ঢ্যাঁড়শ : বর্ষার স্বাস্থ্যের জন্য উপকারী ঢ্যাঁড়শ। এই সবজিতে ফোলেট, ফাইবার এবং ভিটামিন সি। এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। কুন্দরি বা তরুলিও বর্ষায় খেতে পারেন। এই সবজিও স্বাস্থ্যের জন্য উপকারী।

কুমড়া : বিটা-ক্যারোটিনে ভরপুর কুমড়া এই মৌসুমে সর্দি-কাশির হাত থেকে মুক্তি দেয়। বর্ষায় কুমড়ার স্যুপ খেলে আরাম পাবেন। পাশাপাশি এই সবজি চোখের স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী।

কচু : বর্ষায় নির্দ্বিধায় কচু খেতে পারেন। স্টার্চযুক্ত সবজি হওয়া সত্ত্বেও গাঁট কচুতে ফাইবার, পটাশিয়াম এবং ভিটামিন সি ও ই রয়েছে। এগুলো হজমে সহায়তা করে এবং হার্টের স্বাস্থ্য উন্নত করে।

মিষ্টি আলু : এই মৌসুমে সাধারণ আলু খাওয়ার পাশাপাশি রাঙা আলুকেও পাতে রাখুন। এতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার রয়েছে, যা শরীরে এনার্জি জোগায়। এ ছাড়া ভিটামিন এ রয়েছে, যা সংক্রমণের ঝুঁকি কমায়।