নানা কর্মসূচির মধ্য দিয়ে কোকোর জন্মদিন উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা গতকাল বুধবার বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সদস্য রেজাউর করিম ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু এবং বিএনপি নেতা কামাল জামাল মোল্লা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমাদের বগুড়া প্রতিনিধি জানান, আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর বগুড়া জেলা বিএনপি উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।