খল অভিনেতা ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন নামঞ্জুরের এ আদেশ দেন। ডনের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে। গত রবিবার বিদেশে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ডন। ওই দিন আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলার নির্দেশ দেয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।