বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আর এ কারণে দেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ লঘুচাপে নিম্নচাপের পরিণত হওয়ার সম্ভাবনা কম থাকলেও আরেকটু শক্তিশালী হতে পারে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে। এটি এখন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আছে। এর প্রভাবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এর আগে জুলাই মাসে সৃষ্টি হওয়া নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ু মিলে দেশজুড়ে ব্যাপক বৃষ্টি হয়। দেশের অন্তত ৯ জেলায় বন্যা হয়। পাহাড়ধস ও বন্যায় প্রাণহানির ঘটনাও ঘটে।
শ্রাবণ মাসের শেষ দিকে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তাল সাগরে এরই মধ্যে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এ জন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।
গতকাল বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।