ঢামেকে কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ ফেলে পালিয়েছেন দুই ব্যক্তি। গতকাল বেলা ১১টার দিকে ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন দুই ব্যক্তি। নিহত কিশোরীর দুই হাতে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেলের ট্রলিম্যান আব্দুর রউফের বরাত দিয়ে মো. ফারুক আরও জানান, গতকাল বেলা ১১টার দিকে ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওই কিশোরীকে ঢামেকের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। ট্রলিম্যান আব্দুর রউফ ট্রলি নিয়ে এগিয়ে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তোলেন। এরপর টিকিট কেটে নিয়ে আসার কথা বলে সুকৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

তিনি বলেন, নিহতের পরিচয় এবং সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাসহ পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্তে তদন্ত চলছে।