বরিশাল জজকোর্টের গেটে বোমা বিস্ফোরণ

বরিশাল জেলা জজ আদালতের প্রবেশপথের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ হয়ে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আদালত চত্বরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ঘটনার সিসিটিভি ফুটেজ প্রশাসনের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রশাসনের প্রাথমিক ধারণা, আদালতের মূল গেটের বাইরে থেকে চলন্ত কোনো যান বা রাস্তা থেকে কেউ বোমা সদৃশ বস্তুটি ভেতরে নিক্ষেপ করেছে।

ঘটনার পরপরই পুরো এলাকা কর্ডন (ঘেরাও) করে আলামত সংগ্রহের কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের বিষয়ে সিআইডি ক্রাইম সিন ইউনিটের ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে কিছু কাচের টুকরো, বারুদসহ বোমা বানাতে যা যা উপকরণ প্রয়োজন, সেগুলোর নমুনা সংগ্রহ করেছি। তবে ঠিক কী ধরনের উপাদান ছিল, তা ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করার পরেই সুনির্দিষ্টভাবে বলতে পারব।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বলেন, আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা উদঘাটন করে তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ্ বলেন, সিআইডির এক্সপার্ট টিম ইতিমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও তিনি আশ^স্ত করেন।