পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যানের

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান  ও সাবেক পরিচালক মনির উদ্দিন আহমদের স্মরণে সম্প্রতি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক কর্মচারী সংঘের (বাংলাদেশ) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন এবং পূবালী ব্যাংকের অগ্রযাত্রায় তার দীর্ঘদিনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম মনির উদ্দিন আহমদের সন্তান ও পূবালী ব্যাংক পিএলসির পরিচালক কবির আহমদ এবং তার সন্তান সবির আহমদ ও নাদির আহমদ। এ ছাড়া পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হকসহ সংঘের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা মরহুম মনির উদ্দিন আহমদের দীর্ঘ কর্মজীবন, সততা, প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ এবং পূবালী ব্যাংকের প্রতি তার আন্তরিক অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায় তার অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মনির উদ্দিন আহমদ গত ১২ জুলাই বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি