ঢাবির হলে ফের সমকামিতা

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তাদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ বিষয়টি জানিয়ে তার ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলা ভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত এক শিক্ষার্থী বলেন, বিষয়টি নিয়ে তিনি মানসিক ট্রমার মধ্যে আছেন। এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন। তবে অভিযুক্ত অন্য শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান গতকাল বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছি।

এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের এজিএসের কক্ষে থাকা তার দুই অতিথির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে।