আবারও বাড়ছে ক্লাব লাইসেন্সিংয়ের সময়

ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর আগে ক্লাব লাইসেন্সিং নিয়ে অনিশ্চয়তা কাটছে না। একাধিক ফিফা নিষেধাজ্ঞার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেনি বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ফলে এসব ক্লাবকে সুযোগ দিতে আবারও ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এর আগে তিন দফা সময় বাড়িয়ে ১১ আগস্ট পর্যন্ত লাইসেন্সিংয়ের আবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করেছিল বাফুফে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান ক্লাবগুলো নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না পারায় আবেদন জমা দিতে পারেনি। বাফুফের কার্যনির্বাহী কমিটি ও লিগ কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ জানিয়েছেন, কয়েকটি ক্লাব সময় বাড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। লিগের প্রতিদ্বন্দ্বিতা ও দলগুলোর স্বার্থ বিবেচনায় নিয়ে ১৫ থেকে ১৭ আগস্টের মধ্যে নতুন সময়সীমা নির্ধারণের চিন্তাভাবনা চলছে। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান তিনি।

বসুন্ধরা কিংসের ওপর বর্তমানে ফিফার ১৪টি ট্রান্সফার নিষেধাজ্ঞা রয়েছে। সেগুলো প্রত্যাহারের জন্য কাজ করছে ক্লাবটি। অন্যদিকে ঢাকা আবাহনীর তিনটি নিষেধাজ্ঞার মধ্যে দুটি এরই মধ্যে প্রত্যাহার হয়েছে। বাকি নিষেধাজ্ঞাটিও প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে। ফকিরেরপুল ও আরামবাগও নথিপত্র হালনাগাদের জন্য বাড়তি সময় চেয়েছে।

তবে ক্লাব লাইসেন্সিং নিয়ে জটিলতা থাকলেও নির্ধারিত সময়ে লিগ মাঠে গড়ানোর ব্যাপারে বাফুফে দৃঢ়। বড় কোনো ক্লাব শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে ব্যর্থ হলে তাদের ছাড়াই লিগ আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে। বিকল্প হিসেবে বিসিএল থেকে দুটি দল এবং ফর্টিস ও ওয়ান্ডারার্সকে প্রিমিয়ার লিগে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর পরিকল্পনা রয়েছে। লাইসেন্সিংয়ের সময় ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হলে এবং খেলোয়াড় নিবন্ধনের সময় ২০ আগস্ট পর্যন্ত গড়ালে চ্যালেঞ্জ কাপের সূচিতে সাময়িক পরিবর্তন আসতে পারে। তবে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের মূল সময়সূচি অপরিবর্তিত রাখার পক্ষেই বাফুফে। বড় ক্লাবগুলো অংশ নিতে না পারলে স্পন্সর সংকট তৈরি হতে পারে কি না, সে বিষয়েও বাফুফে খুব একটা উদ্বিগ্ন নয়। ইউনাইটেড হেলথকেয়ারের সঙ্গে তিনটি টুর্নামেন্টের স্পন্সরশিপ চুক্তি থাকায় আর্থিক দিক থেকে বড় সমস্যা হবে না বলে জানিয়েছে ফেডারেশন। সব মিলিয়ে বাফুফের প্রত্যাশা, বাড়তি এই কয়েক দিনের মধ্যেই বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী তাদের আর্থিক ও আইনি জটিলতা কাটিয়ে লাইসেন্সিং সম্পন্ন করবে। শেষ পর্যন্ত বড় দলগুলোকে নিয়েই পূর্ণাঙ্গ শক্তিতে ঘরোয়া ফুটবল মৌসুম মাঠে গড়াবে এমনটাই আশা করছে বাফুফে।