ব্যক্তিজীবন নিয়ে আবারও চর্চায় জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’-এর অন্যতম সদস্য লিসা। ফরাসি কোটিপতি ব্যবসায়ী ফ্রেডেরিক আরনোল্টের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের অবসান ঘটতে না ঘটতেই এবার নতুন প্রেমের খবর চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে নাকি প্রেম করছেন এই কে-পপ সেনসেশন!
সম্প্রতি থাইল্যান্ড, হংকং এবং জাপানের বিভিন্ন স্থানে লিসা ও ব্লুকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা। শুধু তাই নয়, পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা গেছে বলে নেটপাড়ায় জোর গুঞ্জন চলছে। চলতি বছরের শুরুর দিকে লিসার ২৯তম জন্মদিনের ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন থাই অভিনেতা ব্লু পংতিওয়াত। লিসা সেই বিশেষ দিনের কিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, যার কিছুটিতে লিসার সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় ব্লুকেও। এরপর থেকেই মূলত ভক্তদের মনে এই দুজন তারকাকে ঘিরে প্রেমের সন্দেহের দানা বাঁধে।
এর আগে ফরাসি ধনকুবের ফ্রেডেরিক আরনোল্টের সঙ্গে লিসার দীর্ঘদিনের প্রেমের খবর রটেছিল। তবে চলতি বছরের শুরুতেই তাদের বিচ্ছেদ ঘটে বলে জানা যায়। তবে নতুন এই গুঞ্জন নিয়ে লিসা বা ব্লু— কারও পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিসার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়াতেই রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন ব্লু পংতিওয়াত। পুরো নাম পংতিওয়াত তাংওয়ানচারোয়েন। তিনি মূলত থাইল্যান্ডের জনপ্রিয় তরুণ অভিনেতা ও মডেল।