ময়মনসিংহ নগরীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

ময়মনসিংহ নগরীতে প্রকাশ্যে মো. রাব্বি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগরীর মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাব্বি নগরীর মাসকান্দা এলাকার মোবারক হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশ্যে ওই যুবকের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সুজাউদ্দিন বলেন, রাব্বিকে বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত