ফরিদপুরের মধুখালিতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে মো. হাকিম বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন একই আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
পরে দ্বন্দ্বপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামি হাকিম বিশ্বাস ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বাসিন্দা। অপরদিকে ধর্ষণচেষ্টার শিকার শিশুটি একই এলাকার প্রতিবেশী।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট দুপুরে নিজের অসুস্থ শ্বশুর শাশুরীর কাছে ছেলের বউ তার ছয় বছর বয়সী শিশুটিকে রেখে ব্যক্তিগত কাজে মধুখালি বাজারে যায়। পরে বিকেল চারটার দিকে বাড়িতে এসে জানতে পারেন প্রতিবেশী হাকিম বিশ্বাস তার মেয়েকে যৌন হেনস্থা করেছে।
এ ঘটনার পরের দিন ৩ আগস্ট শিশুটির মা হাকিম বিশ্বাসকে একমাত্র আসামি করে মধুখালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্ত করেন মধুখালি থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস।
দীর্ঘ তদন্ত শেষে তিনি ২০১৯ সালের ১ মে এ ঘটনায় হাতিম বিশ্বাসকে একমাত্র আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। পরে আদালতে দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরের পর এ রায় ঘোষণা করেন।
আদালতে রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের ফলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমে আসবে বলে তিনি জানান।