সিরাজগঞ্জে যুবককে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পাঙ্গাসী গ্রামের তরিকুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম এবং আব্দুল মজিদ। তবে রায় ঘোষণার আগেই আব্দুল মজিদ মারা গেছেন।
 
সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় মোট ১৪ আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।
 
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
 
পরে মামলার তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এদিন মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত