পিরোজপুরে রেড ক্রিসেন্টের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার সাতকাছেমিয়া জামিয়া আরাবিয়া মাদরাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
 
পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মোহাম্মদ হান্নানের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব ও পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সম্পাদক সাইদুল ইসলাম কিসমত।
 
এ সময় রেড ক্রিসেন্টের মেডিকেল টিমের সদস্য, যুব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
 
আয়োজকরা জানান, মানবিক সেবার অংশ হিসেবে প্রত্যন্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।