বাংলাদেশ জাতীয় হকি দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক দুই জাতীয় তারকা মামুনুর রহমান চয়ন ও ইমরান হাসান পিন্টু। কোচিং কাঠামোকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করার লক্ষ্যেই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। চয়ন দায়িত্ব পেয়েছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ কোচ হিসেবে। অন্যদিকে সাবেক অধিনায়ক ও মিডফিল্ডার পিন্টুকে নিয়োগ দেওয়া হয়েছে ভিডিও বিশ্লেষক হিসেবে। চয়ন নতুন দায়িত্ব পেয়ে বলেন, ‘ফেডারেশন আমাদের কোচিং স্টাফকে বিশ্বের শীর্ষ দলগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে। খেলোয়াড়দের উন্নতিতে সহায়তা করতে আমাদের যা কিছু অভিজ্ঞতা ও জ্ঞান আছে, সবই কাজে লাগাতে চাই।’ আধুনিক হকিতে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে পিন্টু বলেন, ‘আধুনিক হকিতে ভিডিও বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা যখন পর্দায় নিজেদের ভুলগুলো দেখতে পায়, তখন সেটি মাঠে শুধু অনুশীলনের চেয়ে তাদের উন্নতিতে অনেক বেশি কার্যকর হয়। আমার মূল লক্ষ্য থাকবে ভুলগুলো চিহ্নিত করে সেগুলো সংশোধনে সহায়তা করা, যাতে ম্যাচে একই ভুল আর না হয়।’