লুইস এনরিক বলেছিলেন, তিনি ফুটবল, টেনিস, প্যাডেল কিংবা পারচিস যে খেলাই খেলুন না কেন, সবসময় জিততেই চান। প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) তিনি যেন এক ট্রফি জয়ের যন্ত্র গড়ে তুলেছেন। টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর হাঙ্গেরির সালজবুর্গে অ্যাসটন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপের খেতাব নিজেদের করে নিল পিএসজি।
শনিবার উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে অ্যাসটন ভিলাও। ১৭ বছর বয়সী স্ট্রাইকার ব্রায়ান মাদজো গোল করে উয়েফা সুপার কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন। খেলায় খভিচা কাভারাৎস্কায়ার করা উদ্বোধনী গোলটি শোধ করে ভিলাকে সমতায় ফেরান তিনি। তবে শেষ পর্যন্ত দেজিরে দুয়ের নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে পিএসজি।
২০ মিনিটে মাঝ মাঠে ব্রায়ান মাদজোর ভুল নিয়ন্ত্রণের সুযোগ কাজে লাগিয়ে বল পান ভিতিনহা। তার বাড়ানো পাস ধরে বক্সে ঢুকেন কাভারাৎস্কায়। ম্যাটি ক্যাশকে ড্রিবল করে কাটিয়ে গোলরক্ষক মার্কো বিজোটের পোস্ট ঘেঁষে জোরালো শটে বল জালে জড়ান তিনি। বিরতির ঠিক আগে জন ম্যাকগিনের দুর্দান্ত ক্রস থেকে নিখুঁত সাইড-ফুটেড ভলিতে পিএসজির গোলরক্ষক মাতভি সাফোনভকে পরাস্ত করেন ১৭ বছর বয়সী মাদজো।
প্রথমার্ধে বদলি হিসেবে নামা উসমান দেম্বেলের ডিফেন্স-চেরা পাস পান দেজিরে দুয়ে ৬২ মিনিটে। অফসাইড ফাঁদ এড়িয়ে দুয়ে বল জালে পাঠালেও শুরুতে সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজান। পরে ভিএআর পর্যালোচনা করে সোমালিয়ার রেফারি ওমর আরতান গোলের সিদ্ধান্ত বহাল রাখলে লিড ফিরে পায় পিএসজি। এটাই হয়ে থাকে জয়সূচক গোল।