অস্ট্রেলিয়াও তাকিয়ে বোলারদের দিকে

ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ডের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। ৪৫ রানের এই জুটি ভাঙার পরই ধ্বংসস্তূপে পরিণত হয় স্বাগতিক ব্যাটিং বিভাগ। ব্যতিক্রম ছিলেন স্টিভ স্মিথ। অভিজ্ঞ এই ব্যাটার ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন। দলটির আর কোনো ব্যাটসম্যান ২৩ রানের বেশি করতে পারেননি। বাংলাদেশের পেস আগুনে ঝলসে যাওয়ার পর এবার নিজেদের বোলারদের দিকে তাকিয়ে অজিরা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়নদের হাত ধরে খেলায় ফিরতে চান তারা।

ডারউইন টেস্টের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্মিথ বলেন, ‘আমি নিশ্চিত বোলাররা তাদের পরিকল্পনা নিয়ে কাজ করছেন। আশা করি, আমরা শুরুতে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের ফিরিয়ে আনতে পারব।’ পাশাপাশি বাংলাদেশি বোলারদের প্রশংসাও ঝরল তার মুখে, ‘আমার মনে হয়, সব বোলার খুব ভালো করেছে। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ ছিল। বল একটু সিম করছিল, তারা বেশ ভালো লেংথে বল করেছে ও আমাদের ডিফেন্সকে চাপে ফেলেছে।’

এই সিরিজের আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ নিয়ে শঙ্কা প্রকাশ করেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। দলটির প্রথম সারির ৫ ব্যাটারের ৩ জনই রানখরায় ভুগছেন। সর্বশেষ অ্যাশেজের পর গতকালও ব্যর্থ ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন। ধারাবাহিকভাবে রান পেলেও নতুন কোকোবুরা বলে ব্যাট করতে নেমে নিজেও ভুগছেন বলে স্বীকার করেন স্মিথ, ‘অস্ট্রেলিয়ার হয়ে বর্তমানে টপ অর্ডারে ব্যাট করা আমার ক্যারিয়ারের সময়ের মধ্যে সবচেয়ে কঠিন। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতেও কোকোবুরা বলে টপ অর্ডারে ব্যাট করা কষ্টকর, যখন শুরুতে অনেক সিম মুভমেন্ট হয়।’