শাড়িকান্ডে জামিন পেলেন তিশা

আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ন্যায়বিচার পাব

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুয়েল রানা শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সামনে তানজিন তিশা বলেন, ‘সত্য কখনো চাপা থাকে না, সঠিক সময়ে তা প্রকাশ পায়।’ প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে ওঠা এই অভিযোগকে দুঃখজনক দাবি করে তিনি বলেন, শাড়িটি তাকে মূলত উপহার হিসেবে দেওয়া হয়েছিল এবং বিনিময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাশন পেজটির প্রচারণাও চালিয়েছেন।

তিশার আইনজীবী মো. নিহার হোসেন ফারুক জানান, তিশা শাড়িটি ক্রয় করতে চেয়েছিলেন, কিন্তু সংশ্লিষ্ট ফ্যাশন হাউজই উপহারের বিনিময়ে প্রচারণার অনুরোধ করে। তিনি ইতিমধ্যে ছবি ও স্টোরি পোস্ট করে প্রতিশ্রুতি পালন করেছেন। শুনানিতে আদালতের সামনে সেই প্রচারণার সব তথ্য উপস্থাপন করা হয়েছে।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার জানান, তানজিন তিশা নারী হওয়া এবং আপসের শর্তে আদালত পরবর্তী তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করা ও যোগাযোগ বন্ধের অভিযোগে গত বছরের নভেম্বরে মামলাটি করা হয়। তদন্ত শেষে গত ১২ জুলাই তিশার নামে সমন জারি করেছিলেন আদালত। তিশার আশা, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি চূড়ান্ত ন্যায়বিচার পাবেন।